বাজারে গিগাবাইটের চতুর্দশ প্রজন্মের মাদারবোর্ড

১০ নভেম্বর, ২০২৩ ০১:৩০  

চতুর্দশ প্রজন্মের হালনাগাদ প্রযুক্তির গিগাবাইট ব্র্যান্ডের একটি নতুন মাদারবোর্ড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্রযুক্তি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। আগারগাঁওয়ে স্মার্ট টেকনোলজিস এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পার্টনার মিট অনুষ্ঠানে জেড৭৯০ অরোস এলিট এক্স মডেলের এই মাদারবোর্ডটির উদ্বোধন করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, অনুষ্ঠানে মাদারবোর্ডটি ছাড়াও গিগাবাইট ব্র্যান্ডের এরো ১৬ ওএলইডি বিকেএফ এবং এরো ১৫ ৯এমএফ মডেলের ল্যাপটপ বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

নতুন মাদারবোর্ড উন্মোচন অনুষ্ঠানে গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, গিগাবাইট-এর কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং স্মার্ট টেকনোলজিস এর গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী উপস্থিত ছিলেন।

স্মার্ট টেকনোলজিস এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক মহাফুজুর রহমান মুকুল জানিয়েছেন, বাজারে নতুন আসা জেড৭৯০ অরোস এলিট এক্স মাদারবোর্ডটি ইন্টেল এর ত্রয়োদশ ও চতুর্দশ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। তাছাড়াও এতে রয়েছে ডিজিটাল টুইন ১৬+১+২ ফেজেস ভিআরএম সল্যুশন, ডুয়াল চ্যানেল ডিডিআর ফাইভ এর ৪টি চ্যানেল, পিসিআইই ইউডি স্লট এক্স, ইজেড ল্যাচ ক্লিক এম.২ হিটসিংক, ইজেড ল্যাচ প্লাস এম.২ স্লট, ইউসি বায়োস, আলট্রা বায়োস, আলট্রা ফাস্ট স্টোরেজ এবং ইফিশেন্ট ওভারঅল থারমাল সহ আধুনিক সব প্রযুক্তি।